Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা; তদন্ত প্রতিবেদন জমা আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ রাতের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে কথা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে।

ঘটনার পরদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, আমরা এখন রিপোর্ট লিখছি। আজ রাতের মধ্যে জমা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলাম। আমরা আশা করছি, তারা সময়ের মধ্যে কাজটা জমা দিতে পারবে। আমরা অপেক্ষা করছি।

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধি/টিবি