Dhaka Mail Logo

শিক্ষা

মেয়র নির্বাচন নিয়ে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জবি ছাত্রশক্তির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

আসন্ন মেয়র নির্বাচনে নির্দিষ্ট এক প্রার্থীর পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮ হাজার শিক্ষার্থী কাজ করবে- উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় জবি শাখা ছাত্রশক্তি।

সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে মেয়র নির্বাচনে নির্দিষ্ট এক প্রার্থীর পক্ষে জবি শিক্ষার্থীদের কাজ করার বিষয়ে উপাচার্য বক্তব্য দেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, একটি বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা কোনো প্রার্থীর নির্বাচনি কর্মী নয়। তাই কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ১৮ হাজার শিক্ষার্থী কাজ করবে- বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন বক্তব্য কখনোই  কাম্য নয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘১৮ হাজার শিক্ষার্থী কী করবে, না করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপাচার্য যখন এ ধরনের বক্তব্য দেন, তখন তা শিক্ষার্থীদের রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন, গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চার স্থান। কোনো দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় ও স্বাধীন মতামতের প্রতি সম্মান দেখিয়ে বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকটসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, ১৮ হাজার শিক্ষার্থীর মতামত ও রাজনৈতিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করার অধিকার কোনো একক ব্যক্তি বা প্রশাসনের নেই।

এএইচ