বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।
হামলার ঘটনার পর সাংবাদিকদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামীকালের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা আপাতত কর্মসূচি থেকে ফিরে যান। তবে আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধনেরর ডাক দিয়েছেন তারা।
এদিকে, হামলার ঘটনার পর ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম ক্যাম্পাসে নেই। তিনি বিকেলে ক্যাম্পাসে ফিরলে তদন্ত কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, রোববার রাতের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্যা ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
হামলার প্রতিবাদে সাংবাদিকরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা, দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত করা, হামলায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও রয়েছে তাদের।
প্রতিনিধি/টিবি