বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নং সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে ভাঙা সড়কে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চবির জিরো পয়েন্ট থেকে ১ নং সড়কে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
শাখা ছাত্রদল নেতারা জানান, চবির ১ নং সড়কের অধিকাংশ জায়গায় দীর্ঘদিন ধরে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হওয়া সত্ত্বেও এই সড়কে পর্যাপ্ত বাতিও নেই। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সবাই।
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি চবির প্রধান সড়ক। ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। পুরো সড়কে পর্যাপ্ত বাতিও নেই। যার কারণে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং বাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিনিধি/এলএ