জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।
এছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, প্রকৌশলী ও শিক্ষক সংসদ সদস্য মারদিয়া মমতাজ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার, ইউটিএলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যালায়েন্সের (ইউটিএ) সদস্যসচিব ড. শামীম হামিদী, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনইএ) আহ্বায়ক ড. আব্দুল হামিদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমান এবং নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদের আহ্বায়ক শামিয়া জামান পান্না ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সভায় প্রধানত শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা, চাকরির নিশ্চয়তা, নিরাপদ কর্মপরিবেশ, শিক্ষাঙ্গনে প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা এবং শিক্ষকদের হয়রানি বন্ধের ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, শিক্ষক সমাজকে বৈষম্য, অনিশ্চয়তা ও আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের জন্য বিশেষায়িত ‘শিক্ষক ব্যাংক’ ও রেশন ব্যবস্থা চালুর দাবি জানান। এই শিক্ষক বলেন, শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ এগিয়ে যাবে।
শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক ও সব ধরনের প্রভাবমুক্ত শিক্ষাবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে সরকারের প্রতি কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিইউ/এএইচ