নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম
কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছানকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলামকে নিজ বিভাগে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মাছুম হাছান অধ্যাপকের চলতি দায়িত্বে রয়েছেন। তিনি ওএসডি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে সংযুক্ত ছিলেন। অপরদিকে, ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক।
উভয় প্রজ্ঞাপনে কর্মকর্তাদের আগামী ৫ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এসএইচ/এসআই