Dhaka Mail Logo

শিক্ষা

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

দেশে ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিক্রি, বিপণন, আমদানি-রপ্তানিসহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ বিষয়ে তরুণদের জন্য আয়োজিত এক কর্মশালা শেষে তারা এ দাবি জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, তামাক কোম্পানির কূটকৌশলের ফলে তরুণদের মধ্যে ই-সিগারেটের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব পণ্যের ব্যবহার নতুন প্রজন্মকে নিকোটিনে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। তাই তরুণদের সুরক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মশালায় তামাকের ক্ষতিকর প্রভাব, তামাক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের ধারণা দেন বক্তারা। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে তরুণদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা সংশোধিত আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি আইন শক্তিশালীকরণে তরুণদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পরবর্তী সময়ে অ্যাডভোকেসির বিভিন্ন ধাপ, সংশ্লিষ্ট কার্যক্রম এবং তরুণদের করণীয় বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি আইন লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান, সিটিএফকের আবদুস সালাম মিয়া, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।

এমআইকে/এআর