Dhaka Mail Logo

শিক্ষা

৬৫৩ মাদরাসায় মাল্টিমিডিয়া সরঞ্জামের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের আওতায় সরবরাহ করা বিভিন্ন সরঞ্জামের বর্তমান অবস্থা জানতে চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। 

এ পর্যায়ে সিলেট বিভাগের পাশাপাশি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রকল্পভুক্ত মাদ্রাসাগুলোর তথ্য চাওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ই-মেইলে পাঠাতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা চিঠিতে সংশ্লিষ্ট মাদরাসার সুপার ও অধ্যক্ষদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় সিলেট বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদরাসাগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য যেসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, সেগুলোর বর্তমান বাস্তব অবস্থা নির্ধারিত ছকে জানাতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংগ্রহ ও যাচাই করে আগামী ৪ অক্টোবরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

তথ্য ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, জেলা ও উপজেলার নামের পাশাপাশি সরবরাহ করা সরঞ্জামের সংখ্যা এবং সেগুলোর সচল বা অচল অবস্থার বিবরণ দিতে বলা হয়েছে। কোনো সরঞ্জামের বিষয়ে বিশেষ তথ্য বা সমস্যা থাকলে সেটিও মন্তব্যের ঘরে উল্লেখ করতে হবে।

প্রকল্পের আওতায় সরবরাহ করা সরঞ্জামের তালিকায় রয়েছে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, ইউপিএস ও ৪জি ওয়াই-ফাই রাউটার। প্রতিটি মাদরাসার প্রধানকে তথ্য যাচাই করে নির্ধারিত ছকে স্বাক্ষর ও প্রতিষ্ঠানের সিল দিতে হবে।

মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদরাসার শিক্ষা বিভাগের গত ১৭ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে প্রকল্পের আওতায় সরবরাহ করা এসব সরঞ্জামের বর্তমান অবস্থা যাচাই করতে তথ্য চাওয়া হয়েছে।

এম/এএইচ