নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৪৫ জন সহকারী শিক্ষককে বদলি ও সংযুক্তি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি ও সংযুক্তি–সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বরের প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্ধারিত বিদ্যালয়ে বদলি, সংযুক্তি এবং সংযুক্তির মেয়াদ বৃদ্ধির আদেশ দেওয়া হয়েছে।

বদলির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। কর্মরত বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক থাকলে বদলির আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে।
এ ছাড়া বদলিকৃত বিদ্যালয়ে অনুমোদিত শূন্য পদ না থাকলে ওই আদেশ সংযুক্তি হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংযুক্তির মেয়াদ হবে পরবর্তী এক বছর। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আগে থেকেই তিনজন বা তার বেশি শিক্ষক সংযুক্ত থাকলে নতুন সংযুক্তির আদেশ বাতিল বলে গণ্য হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষককে নতুন করে আবেদন করতে হবে।

সংযুক্তির ক্ষেত্রেও কর্মরত বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে। সংযুক্তিকৃত বিদ্যালয়ে আগে থেকেই তিনজন বা তার বেশি শিক্ষক সংযুক্ত থাকলে নতুন আদেশ বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে পুনরায় আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংযুক্তির মেয়াদ হবে সংশ্লিষ্ট শিক্ষকের নতুন বিদ্যালয়ে যোগদানের তারিখ থেকে এক বছর।
বিজ্ঞপ্তির সঙ্গে বদলি ও সংযুক্তি হওয়া ৪৫ জন সহকারী শিক্ষকের নাম ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের তালিকাও প্রকাশ করা হয়েছে।
এম/এআর