Dhaka Mail Logo

শিক্ষা

ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলির আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমের শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত।

ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বদলির জন্য আবেদন করতে পারবেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা বিজ্ঞপ্তিতে আবেদন, তথ্য পাঠানো ও বদলির শর্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে বদলির আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা যাচাই-বাছাই করবে। যাচাই শেষে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে কারিগরি শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

এ জন্য প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের অনলাইনে তথ্য গ্রহণ অংশে গিয়ে ডিপ্লোমা পর্যায়ের Diploma (Engg/Text/Agri/Fish/Live/Forest) Transfer Data Entry Link ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট পর্বের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর বদলির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খালি আসন থাকা এবং নির্ধারিত শর্ত পূরণ করা বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষার্থীর বর্তমান প্রতিষ্ঠান ও যে প্রতিষ্ঠানে বদলি হতে চান, দুই প্রতিষ্ঠানের কারিকুলাম ও প্রবিধানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে বদলির আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন না। শুধু তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রশাসনিক কারণে একবার বদলি হওয়া শিক্ষার্থী পরবর্তী সময়ে আগের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য পুনরায় বদলির আবেদন করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত—উভয় প্রতিষ্ঠানের সম্মতি থাকতে হবে। এ ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানকেই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীর তথ্য অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।

প্রাপ্ত আবেদনগুলোর মধ্য থেকে মেধাক্রম ও খালি আসনের ভিত্তিতে শিক্ষার্থীদের বদলি করা হবে। আবেদন করার সময় রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং নম্বরপত্র বা ফলাফলের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ৩২৫ টাকা বদলি ফি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নামে জমা দিতে হবে। ফি জমার রশিদও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

এম/এআর