নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষা সচিব বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা কোনো প্রজ্ঞাপন জারি করতে হবে না। ইতোমধ্যে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য যে গেজেট জারি করা হয়েছে, এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য হবে।’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার দীর্ঘদিনের জটিলতা সমাধানেও সরকার কাজ করছে বলে জানান আবদুল খালেক।
তিনি বলেন, ‘আগে অবসর নেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের ভাতার অর্থ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। দায়িত্ব নেওয়ার পর সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে শিক্ষক-কর্মচারীরা অবসর ভাতার অর্থ পেতে শুরু করেছেন।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবার ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষা সচিব বলেন, শিক্ষক-কর্মচারীদের অভাব-অভিযোগ ও যৌক্তিক দাবিগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকরা শিক্ষকের মতো আচরণ করবেন— এটাই সরকারের প্রত্যাশা। কারণ শিক্ষকরা জাতির বিবেক। তাদের হাত ধরেই আগামী প্রজন্ম গড়ে উঠবে।
এ সময় জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
এম/এএইচ