Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ এ বাংলাদেশের শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে। যার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন ইতোমধ্যে গবেষণা খাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণা খাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, টিচিং, রিসার্চ, এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক— এই পাঁচটি সূচকের ভিত্তিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন।

প্রতিনিধি/ এজে