নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
শিক্ষকদের দলাদলি ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, শিক্ষকতা শুধু জীবিকা নির্বাহের পেশা নয়; এটি সম্মান, দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জায়গা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, দলাদলি বন্ধ করতে হবে। গত ১৭ বছরের ট্রমা থেকে বেরিয়ে এখন সামনে তাকানোর সময় এসেছে। সরকারের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না।
ড. আমানুল্লাহ বলেন, অর্থবিত্তের চেয়ে সম্মান ও মানুষের জন্য কাজ করার সুযোগকে গুরুত্ব দিয়েই অনেকে শিক্ষকতা পেশা বেছে নেন। বিশ্বের বিভিন্ন জায়গায় বেশি আয় ও মর্যাদাপূর্ণ পদে কাজের সুযোগ থাকলেও দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় থেকেই অনেকে শিক্ষকতায় আসেন। তাই শিক্ষকতার সঙ্গে যুক্ত হওয়ার পর এই পেশার সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক শিক্ষকের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষকতার মর্যাদা যদি শিক্ষকরাই ধরে রাখতে না পারেন, তাহলে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পেশাটিকে প্রশ্নবিদ্ধ করে। শিক্ষকতার পরিচয় ব্যবহার করে বিভাজন বা দলাদলিতে জড়ানো কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকতার মর্যাদা রক্ষা করা সম্ভব না হলে বিকল্প পেশা বা আয়ের পথ বেছে নেওয়ার কথাও বলেন তিনি।
শিক্ষাব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’, ‘গ্রিন ক্যাম্পাস’, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং সৌরবিদ্যুৎভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। শিক্ষকরা সহযোগিতা না করলে সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা জেলার ২৫টি কলেজের ৩৫৭ জন শিক্ষার্থী গান, নৃত্য, কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।
জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এম/এএইচ