নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
প্রথম ধাপে মনোনয়ন পেয়েও ভর্তি না হওয়া বা কলেজ পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
এ সুযোগ পেতে ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না অথবা ভর্তি হওয়ার পর কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি বাতিলের সময় প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
এম/এআরএম