বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাকে প্রথমে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাব্বি হোসেন সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শের-ই -বাংলা এ.কে. ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাকির হোসেন বলেন, রাব্বির ফেসবুক পোস্টে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। ওর ফোনে আরও এধরনের বিভিন্ন আলামত পাওয়া যায়। তারপর প্রশাসনের পক্ষ থেকে রাব্বিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রাব্বি আমাদের থানায় আটক রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অন্য কোনো অপরাধে যুক্ত কিনা, সেটাও আমরা খতিয়ে দেখছি।
এদিকে দুপুরে এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।
বহিষ্কারের পর নিজের ফেসবুক পোস্টে রাব্বি দাবি করেন, ‘শেখ হাসিনাকে আমি শুভ জন্মদিন আপা সার্কাজম হিসেবে বলেছিলাম।’ ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নেওয়া এবং আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকার দাবিও করেন তিনি।
জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের মনে আশঙ্কা জাগে এবং এটা পুরোপুরি আমাদের সাংগঠনিক নীতি ও আদর্শের পরিপন্থি। সেই আলোকেই জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
রাব্বির ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
প্রতিনিধি/এলএ