Dhaka Mail Logo

শিক্ষা

দ্রুত পরীক্ষা সম্পন্নসহ ৭ দফা দাবি ডিসিইউ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

ঢাকার সরকারি সাত কলেজের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফল প্রকাশে বিলম্ব ও শিক্ষক সংকট নিরসনে ৭ দফা দাবি জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানান। সম্প্রতি তাকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সংকট নিরসনে নতুন প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। একই সঙ্গে সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান তারা।

এ ছাড়া দ্রুত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার পাশাপাশি সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়নের দাবি জানানো হয়। প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত একাডেমিক ও পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার কথাও বলেন শিক্ষার্থীরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকট নিরসনে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবহন বরাদ্দ নিশ্চিত করার দাবিও জানান তারা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলো বিবেচনায় নিয়ে নতুন প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এম/এআরএম