Dhaka Mail Logo

শিক্ষা

জ্বালানি ব্যবহারে সীমা মানার নির্দেশ শিক্ষা অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

সরকারি যানবাহনে নির্ধারিত সীমার অতিরিক্ত জ্বালানি ব্যবহারের প্রবণতায় কঠোরতা আরোপ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন যেসব সরকারি যানবাহন প্রাধিকারভিত্তিক ব্যক্তিগত কাজে এবং বিভিন্ন রুটে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের দ্বিগুণেরও বেশি জ্বালানি ব্যবহারের ঘটনা ঘটেছে, যা সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহার নীতিমালার পরিপন্থি।

অধিদফতরের চিঠিতে বলা হয়েছে, সরকারি যানবাহন জ্বালানি ব্যবহার নীতিমালা অনুযায়ী প্রতিটি গাড়ির জন্য মাসে সিএনজি জ্বালানির বরাদ্দ ৩০০ ঘনমিটার এবং জ্বালানি তেলের বরাদ্দ ১৮০ লিটার। তবে অধিদফতরের কিছু যানবাহনে এ সীমার অতিরিক্ত জ্বালানি ব্যবহার করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, বরাদ্দের অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে গত অর্থবছরে বিপুল অঙ্কের অর্থের বিষয়ে সংশ্লিষ্ট অডিট আপত্তি উত্থাপিত হয়েছে। এ অবস্থায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি গ্রহণের নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন সরকারি গাড়ি ব্যবহারকারী সব কর্মকর্তাকে নির্ধারিত বরাদ্দের সীমা মেনে জ্বালানি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এর আগে বরাদ্দের অতিরিক্ত যে জ্বালানি নেওয়া হয়েছে, তা পরবর্তী মাসগুলোর বরাদ্দের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এএস