Dhaka Mail Logo

শিক্ষা

অশালীন মন্তব্যের প্রতিবাদ প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের অন্যতম নেতা তপনকুমার মণ্ডলসহ সংগঠনের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। 

রোববার (২৭ সেপ্টেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় ঐক্য পরিষদের অন্যতম নেতা তপনকুমার মণ্ডল শাস্তিমূলক বদলি হওয়া শিক্ষকদের বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয়ে নিজের জানা তথ্য ও অবস্থান থেকেই তিনি বক্তব্য দিয়েছেন।

সংগঠনটি জানায়, কোনো বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকতেই পারে এবং গণতান্ত্রিক সমাজে সেই দ্বিমত প্রকাশের অধিকারও সবার রয়েছে। তবে ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তপনকুমার মণ্ডলসহ ঐক্য পরিষদের নেতাদের উদ্দেশে অশালীন, ব্যক্তিগত ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তপনকুমার মণ্ডলের ধর্মীয় পরিচয়কে অবমাননাকরভাবে ব্যবহার করে কটূক্তি, তাকে ‘মালু’, ‘ভারতের দালাল’ ও ‘মিরজাফর’ আখ্যা দেওয়া, জুতা মারার হুমকি এবং বিভিন্ন ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। এ ধরনের আচরণ কোনো শিক্ষক, শিক্ষক নেতা কিংবা সভ্য সমাজের নাগরিকের জন্য গ্রহণযোগ্য নয় বলে মনে করে ঐক্য পরিষদ।

সংগঠনটি আরও বলেছে, বক্তব্যের বিরোধিতা করা, প্রতিবাদ জানানো কিংবা যুক্তি ও তথ্য দিয়ে বক্তব্য খণ্ডন করা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তির ধর্মীয় বা জাতিগত পরিচয়কে কেন্দ্র করে তাকে অপমান করা কিংবা ব্যক্তিগত মর্যাদায় আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে শিক্ষক সমাজের কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভাষা ব্যবহার করলে তা শুধু একজন ব্যক্তিকে অপমান করে না, বরং শিক্ষক সমাজের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে। শিক্ষকদের আচরণে শিষ্টাচার, সহনশীলতা, যুক্তিবোধ ও মানবিকতার প্রতিফলন থাকা প্রয়োজন।

কোনো শিক্ষক বা শিক্ষক নেতার বক্তব্য পছন্দ না হলে যুক্তি দিয়ে যুক্তিতে, তথ্য দিয়ে তথ্যে এবং বক্তব্য দিয়ে বক্তব্যের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মতের অমিলকে ব্যক্তিগত বিরোধে পরিণত করা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো কিংবা কাউকে শারীরিকভাবে আঘাতের হুমকি দেওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।

প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ ধরনের অশালীন, অবমাননাকর, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, ব্যক্তিগত আক্রমণ ও হুমকিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের ক্ষেত্রে সবাইকে সংযত, দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। কোনো বিষয়ে আপত্তি থাকলে ব্যক্তিকে আক্রমণ না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত বক্তব্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক সমাজের ঐক্য ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিকে হেয় করা, ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি করা কিংবা সহিংসতার হুমকি দেওয়া শিক্ষক সমাজের সংস্কৃতি হতে পারে না।

প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, তারা ব্যক্তি আক্রমণের পরিবর্তে যুক্তি ও শালীনতার সংস্কৃতিতে বিশ্বাস করে। মতভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখা এবং প্রতিবাদের ক্ষেত্রে গালিগালাজ ও ব্যক্তিগত আক্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এম/এএইচ