Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সব ধরনের পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়াতে ‘কোডিং পদ্ধতি’ চালু হতে যাচ্ছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীর রোল নম্বর বা পরিচয় গোপন রেখে বিশেষ সংকেত বা কোড ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬৭তম একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার খাতা মূল্যায়নে এ পদ্ধতি অনুসরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। পরীক্ষক ও শিক্ষার্থীর পূর্বপরিচয় বা ব্যক্তিগত ধারণার কারণে মূল্যায়নে প্রভাব পড়ার পরোক্ষ সম্ভাবনা থাকে। কোডিং পদ্ধতি চালু হলে এ ধরনের পক্ষপাতের সুযোগ বন্ধ হবে।

তিনি বলেন, কোডিং ব্যবস্থায় পরীক্ষক শিক্ষার্থীর নাম বা রোল নম্বর না জেনেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন। এতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে এবং একাডেমিক প্রক্রিয়ার ওপর তাদের আস্থা বাড়বে। আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষা থেকে পর্যায়ক্রমে এ পদ্ধতি কার্যকর করার আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বৈষম্যহীন শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে আরও প্রযুক্তিবান্ধব পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সার্বিক একাডেমিক শৃঙ্খলা ও খাতা মূল্যায়নের গুণগত মান উন্নত করতে কোডিং পদ্ধতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরীক্ষাব্যবস্থাকে বিতর্ক ও সন্দেহের ঊর্ধ্বে রাখা এবং কোনো শিক্ষার্থী যাতে বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে না করেন, সেটিই তাঁদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও জবাবদিহিতামূলক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

প্রতিনিধি/এসএস