নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৬২তম ব্যাচের (ফল-২০২৬) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঢাকা মেইল ডটকমের নির্বাহী সম্পাদক হারুন জামিল। স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের বাস্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। বর্তমান এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যা বা সনাতন ডিগ্রির ওপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা অর্জন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাস মিডিয়ায় অংশগ্রহণ করতে হবে। এর মাধ্যমে নিজেদের আরও দক্ষ এবং প্রফেশনাল করে তুলতে পারেন। এটি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার মাধ্যম।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন্নাহার উর্মি, ফারজানা ইয়াসমীন রিতা।
অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন করেন জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সময় টেলিভিশনের প্রতিবেদক নাইম হাসান, জেএমসি মিডিয়া ক্লাবের সভাপতি ও বিদায়ী মেন্টর ইমু আক্তার মিম, নতুন মেন্টর বরকতুল্লাহ।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৬০তম ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈকত আকন্দ ও নাদিয়া আক্তার। পরে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এএইচ