Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের ২ সদস্য বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই সদস্য হলেন— ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন। তারা দুজনই জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগের ধরন বা ঘটনার বিস্তারিত তিনি জানাননি।

বহিষ্কৃত সৈয়দা অনন্যা ফারিয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে ইমাম হোসেন বলেন, আমি দলের বিরুদ্ধে কিছু বলতে চাই না।

প্রতিনিধি/টিবি