নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত পূর্ণাঙ্গভাবে কার্যকর করা, ২০২১-২২ সেশন থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি সংযুক্ত কলেজের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন চালুর দাবি জানানো হয়।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘ভাইস চ্যান্সেলরের দেওয়া বিবৃতি তাদের প্রত্যাশা ও ন্যায্য দাবির পরিপন্থী এবং বাস্তবতা বিবর্জিত।’
তারা ওই বিবৃতিকে শিক্ষার্থীদের কণ্ঠরোধের প্রচেষ্টা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।
শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশন থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানিয়ে আসছেন তারা।
বিশ্ববিদ্যালয়টিকে স্কুলিং মডেলে রূপান্তর করে সব সেশনকে ধারাবাহিকভাবে এর আওতায় আনার দাবি তাদের। একই সঙ্গে পুরোনো প্রথা, জটিলতা ও বিলম্বিত প্রশাসনিক প্রক্রিয়ার অবসান চান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত সাতটি সংযুক্ত কলেজ ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন চালু করতে হবে। এরপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর করা; ২০২১-২২ সেশন থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা করা; দ্রুততম সময়ের মধ্যে সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে শুরু করা।
শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এম/এএম