বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) প্রকাশিত ম্যাগাজিন ‘৩৬ এ তেত্রিশ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় উপাচার্য বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত জাকসু যেভাবে ইতিবাচক প্রতিযোগিতা বজায় রেখেছে, এর অনুপস্থিতিতে সেই অভাব তৈরি হতে পারে। শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাকসুর অভিজ্ঞতা শিক্ষার্থী নেতাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ। নিয়মিত গণতান্ত্রিক চর্চা, সমমর্মিতা ও সেবামূলক মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জাকসুর প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ম্যাগাজিনটির নাম ‘৩৬ এ তেত্রিশ ’। ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের চেতনা এবং ৩৩ বছর পর জাকসু ফিরে পাওয়ার বিষয়টিকে প্রতিফলিত করতেই এ নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘৩৩ বছর পর পাওয়া আমাদের শিক্ষার্থীদের অধিকার, সে অধিকার রক্ষার একমাত্র বৈধ স্টেকহোল্ডার আমাদের জাকসু। আমরা সে জাকসুকে রিফ্লেক্ট করে আমাদের এই ম্যাগাজিনের নাম ‘৩৬ এ তেত্রিশ’ রেখেছি।’
এসময় অনুষ্ঠানে জাকসুর ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে