Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

নারীদের অনলাইনে হয়রানি বন্ধে সবাইকে সচেতন হতে হবে: আখতার হোসেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি ও অবমাননা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে খুব সহজেই ছবি তৈরি ও সম্পাদনা করা সম্ভব হচ্ছে। এসব প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি অনলাইনে নারীদের প্রতি অবমাননাকর আচরণ না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘আফসানা করিম রাচি সাইকেল অ্যান্ড স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন ২০২৬’-এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

8d2d2b52-c65d-43cd-845b-e116f34cffba

অনুষ্ঠানে আখতার হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদার করা প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইভি মটরস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম পারভেজ। স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির স্পনসর ছিল ইভি মটরস বাংলাদেশ।

এর আগে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহত হন। তার স্মরণে নারী শিক্ষার্থীদের সাইকেল ও স্কুটি চালানোর প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রতিনিধি/এসএস