নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ১৪০ জন গুণী স্কুল ও কলেজ শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে ৭০ জন কলেজ শিক্ষক এবং ৭০ জন স্কুল শিক্ষক থাকবেন। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাদের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাউশির এক চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষক বাছাই করতে হবে। কলেজ পর্যায়ে ঢাকা জেলা থেকে সাতজন এবং অন্যান্য জেলা থেকে একজন করে মোট ৭০ জন গুণী শিক্ষকের তালিকা পাঠাতে হবে। একইভাবে স্কুল পর্যায়েও মোট ৭০ জন শিক্ষক বাছাই করে তালিকা দিতে হবে। দুই পর্যায় মিলিয়ে মোট ১৪০ জন শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি।
নির্বাচিত শিক্ষকদের তালিকার সঙ্গে প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রের হার্ডকপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালকের কাছে বাহকের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষকদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য চিঠির সঙ্গে দেওয়া ‘গুণী শিক্ষকের তথ্যফর্ম’ পূরণ করতে হবে। পূরণ করা ফর্মের সফট কপি মাউশির ‘গুণী শিক্ষকদের তালিকা প্রস্তুত, যোগাযোগ, ছবি ও তথ্য সংগ্রহ কমিটি’র আহ্বায়ক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬’ এবং ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৬’ অনুসরণ করতে হবে। সংশ্লিষ্টদের কাছে এ দুটি নীতিমালাও পাঠানো হয়েছে।
আগামী ৫ অক্টোবর জাতীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। জেলা পর্যায় থেকে পাঠানো তালিকা থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করবে। নির্বাচিত শিক্ষকদের বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।
এমএইচ/এআর