বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘Familiar Faces, Unfamiliar Context’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিশুশ্রম, শিশুদের ওপর এর প্রভাব এবং সমস্যা নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমজীবী মানুষ অনিশ্চিত ও অসংগঠিত খাতে কাজ করেন। অভিভাবকদের পর্যাপ্ত আয় ও কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় অনেকেই সন্তানদের ঝুঁকিপূর্ণ কাজে পাঠাতে বাধ্য হন।
তিনি বলেন, যে বয়সে শিশুদের খেলাধুলা, পড়াশোনা এবং নিজেদের সম্ভাবনা বিকাশের কথা, সে বয়সে তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে। কোনো শিশু শখে বা সুখে শ্রমে আসে না বলেও মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শিশুরা ক্যাফেটেরিয়া ও ডাইনিং হলে অনিশ্চিত ও নিরাপত্তাহীন পরিবেশে কাজ করছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, শিশুশ্রমিকরা যৌন নিপীড়ন, বৈষম্য ও নানা ধরনের বঞ্চনার শিকার হওয়ার ঝুঁকিতে থাকে। একই সঙ্গে তারা অপরাধ জগতের হাতিয়ার হয়ে ওঠার ঝুঁকিতেও রয়েছে।
শিশুশ্রম মোকাবিলায় রাষ্ট্রের প্রধান দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে। হল প্রশাসন, শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে ক্যাম্পাসে কর্মরত শিশুদের জন্য মানবিক পরিবেশ তৈরি করা সম্ভব।
শিশুশ্রমিকদের মতামত শোনা, তাদের শিক্ষা, মৌলিক প্রশিক্ষণ ও সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বড় ও সুসংগঠিত কর্মসূচি নেওয়ার আহ্বান জানান তিনি।
চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ এম হাবিব উসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাহীন মোল্লা, জাবির চারুকলা বিভাগের অধ্যাপক এম. এম. ময়েজউদ্দীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মাহাদী হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ