Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ে জড়িত থাকার দায়ে পৃথক দুই ঘটনায় ইতিহাস ও পদার্থবিজ্ঞান বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের প্রথম বর্ষের ১৩ শিক্ষার্থীকে র‍্যাগিং করেন। বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে অকথ্য ভাষায় গালিগালাজ, কান ধরানো ও ‘ম্যানার শেখানোর’ নামে তাদের র‍্যাগিং করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা এবং নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা ২ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র‍্যাগিং করেন। শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে ‘মনপুরা’য় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের বিভিন্নভাবে নির্যাতন, গালিগালাজ এবং কান ধরিয়ে উঠবস করানোর অভিযোগের কথা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ, সৈয়দ সাকিব আহমেদ রাতুল ও আল-আমিন হোসাইনকে ৫০ হাজার টাকা করে; মো. মাহমুদুল আমিন সিয়াম ও মো. মোস্তাফিজুর রহমান মিজুকে ৪৫ হাজার টাকা করে; মো. ফয়সাল আহমেদকে ৪০ হাজার টাকা এবং মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা ৩ লাখ ৬৫ হাজার টাকা।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাদের চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল পরীক্ষা অথবা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে।

প্রতিনিধি/এলএ