Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

চবিতে লিফট দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন চাকসুর ১১ প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের লিফটে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ১১ নির্বাচিত প্রতিনিধি। তারা প্রায় ৫ থেকে ৭ মিনিট লিফটে আটকা ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চবির প্রশাসনিক ভবনের পশ্চিম পাশের লিফটে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফফান হাসান ইমরান, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তওহিদসহ আরও কয়েকজন সদস্য।

লিফটে আটকা পড়া ১১ সদস্যের মধ্যে ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, স্বাস্থ্য সম্পাদক আফফান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তওহিদ।

8c260593-201d-4f11-b37c-a09b49b0807b

চাকসুর সদস্যরা জানান, বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনেট কক্ষে চাকসুর ষষ্ঠ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সদস্যরা দুটি লিফটে করে নিচতলায় নামছিলেন। এ সময় পশ্চিম পাশের লিফটটি তৃতীয় তলা থেকে নামার সময় হঠাৎ ঝাঁকি দিয়ে নিচতলায় নেমে যায় এবং মেঝের প্রায় এক থেকে দুই ফুট নিচে দেবে যায়। ওই সময় লিফটটিতে চাকসুর ১১ জন সদস্য ছিলেন।

আরও পড়ুন

খাতা ঠিকমতো না দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

এ ঘটনায় লিফটে থাকা সদস্যদের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফফান হাসান ইমরান বলেন, ‘প্যানিকড হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। ভিপি রনি ভাই খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে লিফটম্যান আবু বকর ভাইকে ফোন করে আনা হয়। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর তিনি লিফট খুলে আমাদের উদ্ধার করেন।’

788512b4-18c0-445a-b46b-c82c3c3172b0

চাকসুর সদস্যদের অভিযোগ, লিফটটিতে আগে থেকেই সমস্যা ছিল। এ কারণেই এমন ঘটনা ঘটেছে। তাদের দাবি, লিফটটির ধারণক্ষমতা ১৩ জন। অথচ ঘটনার সময় সেখানে ছিলেন ১১ জন।

তবে লিফটম্যান আবু বকর বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে লিফট ডাউন হয়ে গিয়েছিল। লিফটটিতে ১৩ জনের ধারণক্ষমতা থাকলেও অনেক সময় এ ধরনের সমস্যা করে। এমনটা প্রায়ই হয়। কোম্পানির সঙ্গে কথা বলে দেখতে হবে, কেন এমন হচ্ছে।’

প্রতিনিধি/এসএস