Dhaka Mail Logo

শিক্ষা

এসএসসি ও দাখিলে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩টি বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলা প্রথম পত্রে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা এবং গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ নির্ধারণ করা হলেও এসএসসি ও দাখিল স্তরের সিলেবাসে ভিন্নতা রয়েছে। এ কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র পৃথকভাবে প্রণয়ন করা হবে।

অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় কোড বহাল থাকবে। তাদের জন্য আগের নিয়ম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।

এম/জেবি