Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষক সংকট নিরসনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা, অবরুদ্ধ উপাচার্য

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

শিক্ষক সংকট নিরসন ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গবিপ্রবি) আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান নিয়েছেন। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, আর্কিটেকচার বিভাগে ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র চারজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একজন শিক্ষক ছুটিতে থাকায় নিয়মিত শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে। ফলে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে নানা সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে আর্কিটেকচার বিভাগ চালু হলেও শিক্ষক সংকট ও সেশনজটের কারণে এখন পর্যন্ত বিভাগের কোনো ব্যাচ স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম শেষ করে বের হতে পারেনি। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন ও দাবি তুলে ধরলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পাননি বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিভাগে ১৬ জন শিক্ষক থাকার বিষয়টি লিখিতভাবে নিশ্চিত না করা পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয়ের অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

GUST

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় উপাচার্য আপাতত পাঁচজন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল করার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান আন্দোলনরতরা। তবে পাঁচজন শিক্ষক নিয়োগের আশ্বাসে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। তারা ১৬ জন শিক্ষকের দাবি লিখিতভাবে নিশ্চিত করার বিষয়ে অনড় রয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কর্মসূচি চলাকালে তিনজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিষয়ে হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসনে লিখিতভাবে কার্যকর সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

প্রতিনিধি/এফএ