Dhaka Mail Logo

শিক্ষা

ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তানভীর-ইয়ামিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিতর্ক সংগঠন ‘ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি’ এর নেতৃত্ব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার তানভীর ও ইয়ামিন সাদাত।

নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার তানভীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক ইয়ামিন সাদাত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

পুরান ঢাকার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ঘটানো এবং একটি সুস্থ ও যুক্তিনির্ভর বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি। পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করে বিতর্ক চর্চার পাশাপাশি তাদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়ামিন সাদাত বলেন, ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য হলো বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকশিত করা। সবার সহযোগিতায় পুরান ঢাকায় একটি শক্তিশালী বিতর্ক চর্চার পরিবেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার তানভীর বলেন, পুরান ঢাকার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ঘটানো এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশের মাধ্যমে একটি সুস্থ বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটিকে আরও সমৃদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। এক্ষেত্রে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।

প্রতিনিধি/এফএ