Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্সিংসহ ১৫ পিজিডি প্রোগ্রামে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১৫টি বিষয়ে এক বছর মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত এ প্রোগ্রামে ডেটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংসহ কর্মমুখী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। প্রোগ্রামটি এক বছর মেয়াদি এবং এতে দুটি সেমিস্টার রয়েছে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোডের মাধ্যমে আবেদন ফি বাবদ এক টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে।

যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবে

স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে মোট ১৫টি বিষয়ে ভর্তির সুযোগ থাকছে। বিষয়গুলো হলো—

সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, ল্যাংগুয়েজ (আরবি), ল্যাংগুয়েজ (ইংরেজি), কালিনারি সায়েন্স (শেফ), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ওয়েব ডিজাইন)।

আবেদনের যোগ্যতা ও শর্ত

জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে একই শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। এই শর্ত অমান্য করে কেউ ভর্তি হলে তার ভর্তি বাতিলের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

এ ছাড়া আবেদন ফরমে দেওয়া কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল কিংবা অসম্পূর্ণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময়সীমা

প্রাথমিক আবেদন: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

আবেদন ফি জমা ও ফরমের প্রিন্ট কপি সংগ্রহ: ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে।

আবেদন করতে ভিজিট করুন: www.nu.ac.bd/admissions

এম/এফএ