বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর রয়েছে। এ সময় কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধনের জন্য তাকে অনুরোধ করা হলে তিনি রাজি হয়েছেন। আশা করা হচ্ছে, আগামী মাসে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন।
উপাচার্য আরও বলেন, শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উপাচার্য তার রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
প্রতিনিধি/এসএস