Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

চবি গেইটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নং গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়। 

তবে পুলিশের দাবি, মিছিলটি বৃহস্পতিবার ভোরের।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা ছাত্রলীগের’ ব্যানারে চবির ১ নম্বর গেট এলাকায় মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় তাদের বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এতে দাবি করা হয়, উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ হাকিব নয়ন এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, মিছিলটা গতকাল (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হয়েছে। আমরা ইতোমধ্যেই সুমন নামে একজনকে আটক করেছি।

প্রতিনিধি/এলএ