জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ভোরের আলো তখনো ফোটেনি। চারদিকে নীলাভ অন্ধকার। সেই অন্ধকারের মাঝেই ব্যানার হাতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। পরে সেই মিছিলের ছবি তারা ছেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাদের হাতে একটি ব্যানার ছিল। সেই ব্যানারের শিরোনাম ছিল ‘শিক্ষার অধিকার ফিরে চাই’। ব্যানারে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি ছিল। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা ছিল হাতেগোনা।
এ সময় তারা মাথায় লাল ক্যাপ পরে ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’, ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’ প্রভৃতি স্লোগান দেন। তবে তারা সবাই দৌড়ে দৌড়ে মিছিলে অংশ নেন।
জানা গেছে, মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিল।
তবে এ বিষয়ে পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছে বংশাল থানা পুলিশ।
এমআইকে/এফএ