নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ফল বদলেছে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩ হাজার ৭৯ জন। পাশাপাশি ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বরেও পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন। এসব শিক্ষার্থীর মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।
পুনর্নিরীক্ষণের পর ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। ফলে এবার প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
দীর্ঘদিন তুলনামূলক বেশি পাসের হার থাকলেও টানা দুই বছর এসএসসি পরীক্ষার ফল নিম্নমুখী। এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে প্রায় ১৯ হাজার। এ কারণে ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদনও ছিল উল্লেখযোগ্য।
ফল প্রকাশের পর গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও পুনর্নিরীক্ষণের ফল দেখা যাবে। এ জন্য আবেদনকারীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।
এমএইচ/এমআর