বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মূল ফটকসহ বিভিন্ন স্থানে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক পোস্টার টাঙিয়েছে ছাত্রশক্তি নোবিপ্রবি শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শিরোনামের পোস্টার ও ব্যানারে দেশের সার্বিক পরিস্থিতি, জ্বালানি, বিদ্যুৎ ও কৃষি, ব্যাংক খাত, আইনশৃঙ্খলা ও চাঁদাবাজি, সাংবিধানিক প্রতিষ্ঠান ও নিয়োগ এবং শিক্ষাঙ্গন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

পোস্টারগুলোতে দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট, লোডশেডিং, ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, গণভোটের জনরায় উপেক্ষা এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়নের অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘নোবিপ্রবি ছাত্রশক্তি শাখার পক্ষ থেকে বিএনপি সরকারের গত ১৮০ দিনের ব্যর্থতার যে প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টি পেশ করেছে, আমরা তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তা প্রদর্শন করছি।’
তিনি আরও বলেন, ‘দেশের জ্বালানি সংকট, সার্বিক পরিস্থিতি, ব্যাংক খাতে যে লুটপাট চলছে এবং বিভিন্ন দপ্তরে সরকার দলীয়করণের উদ্দেশে ভাইভা বা কোটার বিভিন্ন সংজ্ঞার মাধ্যমে তা বাস্তবায়ন করছে। এর প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগিয়েছি। পাশাপাশি গঠনমূলক আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘আশা করি, বর্তমান সরকার তাদের ভুলগুলো সংশোধন করে নেবে।’
প্রতিনিধি/এসএস