বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৬০০ নারী শিক্ষার্থীর জন্য পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চবির জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
চাকসু সূত্রে জানা যায়, নিবন্ধন করা ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবেন একজন নারী প্রশিক্ষক। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে ছাত্রীদের ব্যবহারিক ধারণা দেওয়া হবে।
চাকসুর সহছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, ‘প্রশিক্ষণটি ছাত্রীদের আরও সাহসী, আত্মবিশ্বাসী ও মনোবল দৃঢ় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেন ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।’
প্রতিনিধি/এসএস