বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ‘আমার সোনার বাংলায়, সুপারিশের ঠাঁই নাই’, ‘মেধা না মামা, মেধা মেধা’, ‘এমপি-মন্ত্রীর সুপারিশ চলবে না, চলবে না’ ও ‘চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করো, নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন জাকসুর নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীরা।
সমাবেশে জাকসুর তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন বলেন, ‘ভাইবার নামে দলীয়করণ, স্বজনপ্রীতি বা অনিয়মের কোনো সুযোগ স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে ভাইবার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজনৈতিক প্রভাবমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব চাকরিপ্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ‘লিখিত পরীক্ষায় একজন শিক্ষার্থীর মেধা, যোগ্যতা ও একাডেমিক জ্ঞানের প্রতিফলন ঘটে। আর ভাইভায় তার উপস্থাপন ও ডেলিভারি মূল্যায়ন করা হয়। কিন্তু লিখিত পরীক্ষার চেয়ে ভাইভাকে বেশি প্রাধান্য দিলে রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।’
তিনি আরও বলেন, ‘চাকরির ভাইভা কখনোই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভাইভার মতো নয়। আমরা এমন কোনো ব্যবস্থা চাই না, যেখানে দলীয় পরিচয় বা রেফারেন্সের মাধ্যমে প্রার্থীদের প্রভাবিত করার সুযোগ থাকে। তাই এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সমাবেশে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ সম্পাদক সাফায়েত মীরসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস