Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ব্যানার টাঙাতে গিয়ে প্রাণ হারালেন চবির উদীয়মান অ্যাথলেট আরিফুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের মূল ফটকে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উদীয়মান অ্যাথলেট ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে শহীদ আবদুর রব হলের মূল ফটকের ওপর দাঁড়িয়ে ব্যানার টাঙাচ্ছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

Hall

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার আগেই আরিফুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যে ব্যানারটি টাঙাতে গিয়ে আরিফুলের মৃত্যু হয়, সেটি তার বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী ও অ্যাথলেট মুশফিকুর রহমান মামুনের ‘১০০ দিনে ১০০০ কিলোমিটার রানিং চ্যালেঞ্জ’ শুরুর উপলক্ষে টাঙানো হচ্ছিল।

অ্যাথলেটিকসে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন আরিফুল। তার ফেসবুক টাইমলাইনে পিন করা পোস্টগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্মৃতি রয়েছে। এর মধ্যে আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকসে ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় হওয়ার একটি পোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০০ মিটারে প্রথম ও ৫০০০ মিটারে দ্বিতীয় হওয়ার পোস্ট রয়েছে।

death

আরিফুলের মৃত্যুর ঘটনায় আবাসিক হলের বিদ্যুৎব্যবস্থার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মতো জনবহুল স্থানে বিদ্যুৎ সংযোগে এমন ঝুঁকি কেন থাকবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাজ আলী বলেন, ‘এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। হলের বিদ্যুৎব্যবস্থার ত্রুটি এবং এর দায় কার, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হোক, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।’

এ বিষয়ে শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল ইসলাম সিদ্দিকীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস