Dhaka Mail Logo

শিক্ষা

রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা নিয়ে যবিপ্রবিতে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

মানবজীবনের সামগ্রিক স্বাস্থ্যরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা ও আধুনিক গবেষণার নানা বিষয় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি টু ইমপ্রুভ কোয়ালিটি অব লাইফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এই সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারালের বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি।

Seminar_by_Japanese_scientists_at_Jessore_University_of_Science_and_Technology_on_nutrition_research_1
রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা নিয়ে যবিপ্রবিতে সেমিনার

বক্তারা তাদের উপস্থাপনায় পুষ্টির আণবিক ভিত্তি এবং রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা সংক্রান্ত গবেষণা আলোকপাত করেন। এছাড়াও কিডনির কার্যকারিতা রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ, মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধ এবং গড় আয়ু বৃদ্ধিতে পুষ্টি ও খাদ্য উপাদানের ভূমিকা নিয়ে বাস্তবমুখী পদক্ষেপের চিত্র তুলে ধরেন।

জাপানের বিশ্বখ্যাত তোহকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সুসম্পর্কের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘বিশ্বমানের গবেষণার ক্ষেত্রে জাপানি ল্যাবরেটরি কেন্দ্রিক ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক। জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেম আমাদের তরুণ গবেষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।’

তিনি দেশীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘জাপানের ‘রুনপাকু’ পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে অবস্থান করেই তোহকু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের চমৎকার সুযোগ পাচ্ছেন। উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণার মান উন্নয়নে যবিপ্রবি এবং তোহকু বিশ্ববিদ্যালয়ের এই যৌথ একাডেমিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি।’

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।’

তিনি বলেন, ‘অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগের মাধ্যমে দেশের সামাজিক ও জাতীয় নানা সমস্যার সমাধান করতে হবে। দেশের অগ্রগতির জন্য এমন একদল গবেষক প্রয়োজন, যাদের গবেষণার ফল সরাসরি নাগরিকদের কল্যাণে এবং এক উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে।’

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন জ্ঞান আদান-প্রদান ও গবেষণার নতুন দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘গবেষণাগারের উদ্ভাবন ও আবিষ্কারকে সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রয়োজনের সাথে যুক্ত করাই যবিপ্রবির মূল লক্ষ্য।’ পুষ্টিবিষয়ক গবেষণা জোরদার করা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের গবেষকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। সেমিনারে আহবায়ক হিসেবে বক্তব্য দেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দীন।

এছাড়াও বক্তব্য দেন যবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অণজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার।

প্রতিনিধি/এএম