Dhaka Mail Logo

শিক্ষা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ইস্যুর তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড আগামীকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। কলেজ কর্তৃপক্ষ আগামী ৮ অক্টোবর পর্যন্ত এসব রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড পেজে গিয়ে College Login-এর মাধ্যমে User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবে।

ডাউনলোড করা কার্ড প্রিন্ট করার পর শিক্ষার্থীর সব তথ্য ও ছবি ভালোভাবে যাচাই করতে হবে। তথ্য ও ছবি সঠিক থাকলে নির্ধারিত স্থানে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিতে হবে।

কোনো শিক্ষার্থী নিজের ছবির পরিবর্তে অন্য ব্যক্তির ছবি ব্যবহার করে ভর্তি হয়ে থাকলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ছবি পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের জন্য Password সংগ্রহ করেনি, সেসব কলেজকে কলেজ কোড, নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ ডিন দপ্তরে আবেদন করতে হবে। তবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত User ID ও Password বহাল থাকবে।

এ ছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অথবা এর আগের মাস্টার্স ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম অথবা বাবা-মায়ের নামের কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

এম/এআরএম