নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্নপদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিটি পেপারে সিঙ্গেল বেস্ট অ্যানসার (এসবিএ) প্রশ্নের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগামী জানুয়ারি ২০২৭ সেশন থেকে এ পরিবর্তন কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিসিপিএসের সচিব অধ্যাপক ফারোজ কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২২৪তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্নের ধরন পুনর্গঠন করা হয়েছে।
সংশোধিত কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতিটি পেপারে ৩০টি এসবিএ এবং ২০টি এমসিকিউ থাকবে। এতে তিনটি পেপার মিলিয়ে মোট ৯০টি এসবিএ এবং ৬০টি এমসিকিউ প্রশ্ন থাকবে।
বিসিপিএস কর্তৃপক্ষ জানায়, সংশোধিত প্রশ্ন কাঠামো জানুয়ারি ২০২৭ সেশনের পরীক্ষা থেকে কার্যকর হবে।
এর ফলে আগের তুলনায় এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় এসবিএ প্রশ্নের গুরুত্ব আরও বাড়ছে।
উল্লেখ্য, পূর্বে পরীক্ষাপদ্ধতিতে এসবিএ ও এমসিকিউ প্রশ্নের সংখ্যা ৭৫টি করে ছিল।
এসএইচ/এআর