নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। সফরে শিক্ষা খাতে চীনের সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের সঙ্গে শিক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার।
তিনি বলেন, চীনের শিল্প ও একাডেমিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্প খাতের যে সহযোগিতামূলক মডেল চীনে গড়ে উঠেছে, সেটি বাংলাদেশেও অনুসরণ করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিনিধি দলের চীন সফরের পর শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এছাড়া ভিসা জটিলতা দূর করতে মন্ত্রিপরিষদে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এম/এএইচ