Dhaka Mail Logo

শিক্ষা

অতিরিক্ত বেতন উত্তোলন, চার মাদরাসা শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

নির্ধারিত সময়ের আগে উচ্চতর গ্রেডে বেতন নিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করায় চার প্রভাষকের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

রোববার (৩০ আগস্ট) অধিদফতরের জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত চার শিক্ষক হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বার আউলিয়া হামিদিয়া আলিম মাদরাসার আরবি বিষয়ের প্রভাষক মো. ওসমান গনি, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর ডিএসএন আলিম মাদরাসার হাদিস বিষয়ের প্রভাষক মো. আব্দুর রউফ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসার হাদিস বিষয়ের প্রভাষক মো. ওবায়দুর রহমান এবং গাইবান্ধার পলাশপুর উপজেলার মাদার বাজার এবিএস মাদরাসার হাদিস বিষয়ের প্রভাষক শামিমা খাতুন।

অধিদফতরের চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী, এমপিওভুক্ত প্রভাষকরা এমপিওভুক্তির আট বছর পূর্তিতে ৫০ শতাংশ কোটা অনুযায়ী এবং ১৩ নম্বর অনুচ্ছেদের বিধান অনুসারে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন। ভগ্নাংশের ক্ষেত্রে ০.৫ বা তার বেশি হলে পরবর্তী পূর্ণসংখ্যা হিসেবে গণনা করে পদোন্নতি দেওয়া যাবে। তবে এ পদোন্নতির ফলে প্রতিষ্ঠানে অনুমোদিত মোট পদের সংখ্যা বাড়বে না।

নীতিমালা অনুযায়ী, ৫০ শতাংশ কোটায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পাওয়া প্রভাষকরা এমপিওভুক্তির ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তির পর বেতন স্কেলের গ্রেড-৯ থেকে গ্রেড-৮ পাওয়ার যোগ্য হবেন। এরপর আরও ছয় বছর, অর্থাৎ মোট ১৬ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ পাবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের এমপিওভুক্তির তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (MEMIS) সেলের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চার প্রভাষক উচ্চতর গ্রেড পাওয়ার নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই MEMIS সফটওয়্যারের মাধ্যমে আবেদন করে গ্রেড-৮ পেয়েছেন। এর ফলে তারা নির্ধারিত সময়ের আগেই বেশি হারে বেতন-ভাতা উত্তোলন করেছেন।

অধিদফতর বলছে, নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে উচ্চতর গ্রেডের সুবিধা গ্রহণ করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৪ অনুচ্ছেদের বিধানের পরিপন্থী। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিওশিটে থাকা বেতন কোড-৮ বাতিল করে বিধি অনুযায়ী আগের বেতন কোড-৯ পুনর্বহাল করা হয়েছে। জুলাই মাসের এমপিওশিটে এ সংশোধন কার্যকর করা হয়েছে।

একই সঙ্গে উচ্চতর গ্রেডের কারণে অতিরিক্ত উত্তোলন করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়ার পর বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদফতরকে অবহিত করতেও বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সরকারি পাওনা আদায় আইন (PDR আইন)-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

এম/এএস