Dhaka Mail Logo

শিক্ষা

স্বয়ংক্রিয় বদলি চালুর আগেই মাদরাসার এমপিও শিক্ষকদের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির আবেদন গ্রহণ শুরু করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। রোববার (৩০ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে।

মাদরাসা শিক্ষা অধিদফতর জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শিক্ষকদের কাছ থেকে ম্যানুয়াল বা হার্ডকপি আবেদন নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত শূন্য পদের তালিকা থেকে পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান পদের প্রথম ও সর্বশেষ এমপিও কপি, বর্তমান কর্মস্থলে যোগদানের কপি এবং প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদফতর বরাবর পাঠাতে হবে। তবে বদলির জন্য আবেদনকারী শিক্ষককে বর্তমান কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানপ্রধান আবেদন যাচাই করে অগ্রায়নপত্রের মাধ্যমে মহাপরিচালক বরাবর পাঠাবেন। আবেদনের একটি অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও সংরক্ষণ করতে হবে।

কোনো শিক্ষকের এমপিও স্থগিত থাকলে, তিনি সাময়িক বরখাস্ত থাকলে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে বদলির আবেদন অগ্রায়ন করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা অগ্রায়ন করলে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বদলি প্রক্রিয়ায় তদবির বা কোনো ধরনের অসদুপায় গ্রহণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে বদলির অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত বদলির আবেদন গ্রহণ করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও শূন্য পদের তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএইচ/এআরএম