বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট পূর্বাহ্ণ থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বিধি মোতাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো. মনজুরুল হককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দুপুর ১: ০০টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হককে সঙ্গে নিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)-কে নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন।
এ সময় তিনি বলেন, রেজিস্ট্রার অফিস বিশ্ববিদ্যালয়ের নার্ভ সেন্টারের মতো, যেটি হওয়া উচিত দক্ষতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবা প্রদানের একটি প্রতীক।"
এই প্রতিষ্ঠানটি যেন সর্বোত্তম সেবা প্রদানে কাজ করে যেতে পারে, সে-লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রতিনিধি/ এজে