নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলা উদ্দিন। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত না হলে সেখানে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বিকাশ ঘটতে পারে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি জানান।
সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন নেই। খুন হয়, ধর্ষণ হয়, কিন্তু হত্যার বিচার হয় না। বিচারহীনতার রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে।’
তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা না হলে নতুন বিপ্লবের দিকে যেতে হবে। ’
এ সময় তিনি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার সমালোচনা করেন এবং দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন পর ডাকসুর মেয়াদ শেষ হবে। নির্ধারিত সময়ে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা করে।’
ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা না থাকলে ফ্যাসিবাদী মনোভাব তৈরি হবে। তাই শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।’
আগামীর সুন্দর দেশ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামেও সংগঠনের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।’
এদিন বাদ জুমা শাহবাগের শহীদ হাদি চত্বরে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতি মিনতাছির আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এমআর/এএম