নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১৯তলার করিডরে তিনটি সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলায় সাপগুলো দেখা যায়। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের দফতর।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর আরও একটি সাপ দেখা যায়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সচিবালয়ের মতো বহুতল ভবনের ১৯ তলায় সাপের উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ভবনের কোনো স্টোরেজ বা অপেক্ষাকৃত নির্জন স্থানে আরও সাপ থাকতে পারে।
১৯তলায় কর্মরত এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তার ধারণা, ভবনের ওপরের কোনো স্টোরেজ বা নির্জন স্থানে সাপ বাসা বেঁধে থাকতে পারে। সেখান থেকে সাপের বাচ্চাগুলো বের হয়ে করিডরে চলে আসার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এমএইচ/এএস