নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করতে ‘ক্যারিয়ার জিপিএস’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে হার্ড স্কিল ও সফট স্কিল- উভয়ের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে তিন ঘণ্টাব্যাপী ‘ক্যারিয়ার জিপিএস: ন্যাভিগেটিং সেক্টরস, সোয়ট অ্যানালাইসিস, অ্যান্ড ইয়োর টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি স্কিলসেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া কর্মজীবনে সফলতা পাওয়া কঠিন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান বলেন, ‘হার্ড স্কিল ও সফট স্কিলের মধ্যে যথাযথ সমন্বয় করতে পারলে শিক্ষার্থীরা চাকরির বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। এ ধরনের আয়োজন বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন বলেন, ‘বৈশ্বিক চাকরির বাজারের প্রতিযোগিতা মোকাবিলায় শুধু সফট স্কিল নয়, হার্ড স্কিলেরও প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার্থীদের উভয় ধরনের দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।’
ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া।
কর্মশালায় ক্যারিয়ার পরিকল্পনা, বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ, সোয়ট অ্যানালাইসিস এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অন-ক্যাম্পাস বিবিএ প্রোগ্রাম এবং বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
এম/এএম